Blog > Politics > Blog article: স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে ২৯ দল, পরীক্ষাধীন চারটি

স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে ২৯ দল, পরীক্ষাধীন চারটি

নির্বাচনী আইন মেনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সংশোধিত (স্থায়ী) গঠনতন্ত্র জমা দিয়েছে।

এছাড়া চারটি দল নির্বাচনের আগে জমা দেওয়া তাদের অস্থায়ী গঠনতন্ত্রকেই স্থায়ী হিসেবে গণ্য করার আবেদন করেছে।

তবে নিবন্ধন আইনের সঙ্গে এসব গঠনতন্ত্র সাংঘর্ষিক হলে তা পরিবর্তন করতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “দলগুলোর গঠনতন্ত্র আমরা এখনো পর্যালোচনা করে দেখিনি। তবে নিবন্ধন আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে তা পরিবর্তন করতে পুনরায় গঠনতন্ত্র ফেরত পাঠানো হবে।”

২৯টি রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (প্রশাসন) জেসমিন টুলী বলেন, প্রধান বিরোধীদল বিএনপি ও জোটের শরিক বিজেপিসহ ৮টি রাজনৈতিক দল গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২৫ জুলাই ছিল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ সময়সীমা।

এ সময়ের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, গণফোরাম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, খেলাফত মজলিশ, বাংলাদেশের বিপবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, বাংলাদেশ মুসলীম লীগ, জাতীয় পার্টি-জাপা, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ কল্যাণপার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিকল্পধারা বাংলাদেশ স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে।

গণফ্রন্ট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নির্বাচনের আগে জমা দেওয়া গঠনতন্ত্রকে সংশোধিত হিসাবে গ্রহণ করার আবেদন করেছে।

এই চারটি দলের আবেদন পরীক্ষাধীন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ জাতীয়বাদী দল -বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাকের পার্টি, ফ্রীডম পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ গঠনতন্ত্র জমা নেওয়ার সময়সীমা বাড়াতে ইসির কাছে আবেদন করেছে।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় ইসি। ওই সময় দলগুলোর কাছ থেকে খসড়া একটি গঠনতন্ত্র জমা নেওয়া হয়। তখন শর্ত দেওয়া হয়- ছয় মাসের মধ্যে কাউন্সিলে অনুমোদনের পর চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিতে হবে যা গণপ্রতিনিধিত্ব আদেশেও যুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ২০১০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Source: BdNews

Adding Date - July 30, 2009 | Filed under Politics | Leave a response | Trackback

You must be logged in to leave a comment.